টাঙ্গাইল শহরে আজ বৃহস্পতিবারও নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকা বিক্রিতে বাধা দেয়া হয়েছে। সরকারদলীয় লোকজন সোমবার রাতে শহরের দুটি পত্রিকা বিক্রির দোকানে গিয়ে নিষেধ করেন। এর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভয়ে হকাররা এই দুটি পত্রিকা বিক্রি থেকে বিরত রয়েছেন। তবে বুধবার কিছু কিছু স্থানে পত্রিকা বিক্রি হয়। এ খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা শহরের প্রানকেন্দ্র অবস্থিত টাঙ্গাইল পেপারহাউজে গিয়ে এই দুটি পত্রিকা বিক্রি করতে নিষেধ করে ও ভয়ভীতি দেখান। ফলে হকাররা আজ নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকা বিক্রি ও বিতরণ করতে পারেননি।
এ ঘটনায় সচেতন পাঠক মহল ও শহরের বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে চরম ক্ষোভ প্রকাশ অব্যহত রয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা বলেন, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা গণতন্ত্রকে হত্যার শামিল। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এভাবে দিন দিন বর্তমান সরকারের ফ্যাসিষ্ট চেহারা প্রকাশ পাচ্ছে।
টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু বলেন, বিষয়টির মাধ্যমে বর্তমান সরকারের ফ্যাসিষ্ট আচরণ ফুটে উঠেছে। তরুণদের দোহাই দিয়ে মহাজোট সরকার দেশকে আবার বাকশালের দিকে নিয়ে যাচ্ছে।
ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু বলেন, আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকা বিক্রি বন্ধ করে দিয়ে সরকার গনতন্ত্র বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরছে।
আমারদেশ পাঠক মেলা টাঙ্গাইলের আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল বলেন, এই অগনতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রয়োজনে মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।
খবরসূত্রঃ দৈনিক নয়া দিগন্ত, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৩ [লিংক] [ফেইসবুক পোস্ট]