ভিন্নমতের ওপর আওয়ামী ফ্যাসিবাদী ও ধর্মবিদ্বেষী বামপন্থীদের আক্রমণ যেন থামছেই না। গতকাল দেশের বিভিন্ন স্থানে ভিন্নমতের পত্রিকা আমার দেশ, নয়া দিগন্ত, ইনকিলাব ও সংগ্রাম- এর কপি পোড়ানোর প্রতিযোগিতা চলেছে। কপিতে আগুন ধরিয়ে উল্লাস করে ফ্যাসিবাদীরা এসব পত্রিকা বন্ধ করে দিতে সরকারের প্রতি দাবিও জানিয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

লালমনিরহাটে আমার দেশ-এ আওয়ামীদের আগুন : লালমনিরহাটে আমার দেশ পত্রিকায় অগ্নিসংেযাগ করেছে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা । গতকাল দুপুরে শহরের ব্যস্ততম বিডিআর গেট এলাকায় আমার দেশ ছাড়া নয়া দিগন্ত ও সংগ্রাম পত্রিকায় অগ্নিসংযোগ করে তারা। পরে সেসব পত্রিকাকে স্বাধীনতাবিরোধী পত্রিকা উল্লেখ করে লালমনিরহাটে তা বিক্রি বন্ধের দেয়ার হুমকি দেয় তারা। পত্রিকায় অগ্নিসংযোগের পর সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি খালেক বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আলী হোসেন নয়ন প্রমুখ। এছাড়া জেলায় দিগন্ত টেলিভিশনের সম্প্রচার রোববার রাত থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এতে জেলার ৫টি উপজেলার দিগন্ত টিভির দর্শকরা চ্যানেলটি দেখতে পাচ্ছে না। এদিকে আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় ছাত্রলীগ- যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন লালমনিরহাটের রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বিবৃতিদাতারা হলেন সাবেক এমপি জয়নুল আবেদীন সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি সালেহ উদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

নাটোরে আমার দেশ-এ আগুন : নাটোরে গতকাল দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের হরতালবিরোধী মিছিলপূর্ব সমাবেশ থেকে আমার দেশ-এর কপিতে আগুন দেয়া হয়েছে। নাটোর ছায়াবাণী মোড়ে দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল সাকিব বাকি ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন বিপ্লব নিজে পত্রিকায় আগুন দেন। এ সময় অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন উপস্থিত ছিলেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নাটোরের সাংবাদিক, রাজনীতিবিদ আইনজীবী ও ব্যবসায়ী মহল। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর চেম্বারের সভাপতি আমিনুল হক, নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ বিশিষ্টজনরা বিরোধী মত দমন বন্ধের আহ্বান জানান।

বি.বাড়িয়ায় আমার দেশ-এ অগ্নিসংযোগ : ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের প্রতিবাদে গতকাল সকালে জনতার মঞ্চের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ করে।

ছাতকে পত্রিকার বান্ডেল পুড়িয়েছে ‘জাগরণ’ কর্মীরা : সুনামগঞ্জের ছাতকের গেবিন্দগঞ্জে গণজাগরণ মঞ্চের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ৭০ কপি আমার দেশ পত্রিকা পুড়িয়ে দিয়েছে। গতকাল দুপুরে গেবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে অবস্থিত বঙ্গবন্ধু বুকস্টল অ্যান্ড পত্রিকা হাউস থেকে ৭০ কপি আমার দেশ মূল্য পরিশোধ না করেই গণজাগরণ কর্মীরা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা ৬০ কপি নয়া দিগন্তও পুড়িয়ে দেয়।

লাকসামে আমার দেশ-এ আগুন : গতকাল জামায়াতের ডাকে হরতাল চলাকালে কুমিল্লার লাকসামে হরতালবিরোধীরা শহরের বাইপাসে আমার দেশ পত্রিকা পুড়িয়েছে। হরতালবিরোধীরা স্থানীয় হকারদের কাছ থেকে আমার দেশ নিয়ে পুড়িয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে এবং হকারদের পত্রিকা বিক্রিতেও বাধা দেয়। আমার দেশ পত্রিকা সংগ্রহ করতে না পেরে অনেক পাঠক ক্ষোভ প্রকাশ করেন।

গাইবান্ধায় নয়া দিগন্তে আগুন : গাইবান্ধায় নয়া দিগন্ত পোড়ানো হয়েছে। গতকাল স্থানীয় বিজয়স্তম্ভ চত্বরে মুক্তিযুদ্ধের প্রজন্ম শতাধিক পত্রিকায় আগুন ধরিয়ে দেয় আওয়ামী নেতাকর্মীরা। এ সময় তারা সরকারের প্রতি নয়া দিগন্তসহ জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক সব মিডিয়া বন্ধ করে দেয়ার আহ্বান জানায়।

মাধবপুরে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কেবল অপারেটর ‘তিতিল ডিশ মিডিয়া’ চার দিন ধরে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ রেখেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলের মালিকানাধীন এ প্রতিষ্ঠান থেকে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিতিল ডিশ মিডিয়ার অপারেটর জিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানায়, পরিচালকের নির্দেশে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

রায়পুরে পত্রিকায় আগুন : লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল সকালে সরকারদলীয় ক্যাডাররা পত্রিকার এজেন্ট কার্যালয়ে আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম, আমাদের সময়সহ কয়েকটি পত্রিকায় আগুন ধরিয়ে দেয়।

ঝিনাইদহে নয়া দিগন্তে আগুন : ঝিনাইদহে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ সময় নয়া দিগন্ত-এর কিছু কপিতে আগুন লাগিয়ে দেয় তারা। গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়।

ভেড়ামারায় পত্রিকায় আগুন, টিভি বন্ধ : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গতকাল থেকে আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম বিলি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে দিগন্ত টেলিভিশনের সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। পত্রিকা ও দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ থাকায় পাঠক ও দর্শকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খবরসূত্রঃ আমার দেশ অনলাইন, ১৯ ফেব্রুয়ারি, ২০১৩ [লিংক]

Citation is loading...